৫ মিনিটে পরিষ্কার হবে বেসিনের পাইপ 

বাসার বেসিন সবাই কমবেশি পরিষ্কার করে থাকেন। কিন্তু যত্ন নেওয়া হয় না বেসিনের পাইপের। ততক্ষণ আমাদের বেসিনের পাইপে হাত দেওয়ার কথা মনে থাকে না, যতক্ষণ না ময়লা জমে পানি উপচে রান্নাঘরে একটা জঘন্য পরিস্থিতি সৃষ্টি হয়!  

হঠাৎ সৃষ্ট এ সমস্যায় পড়তে হয় দারুণ বিড়ম্বনায়। এর ফলে বাজে গন্ধও ছড়ায় রান্নাঘরে। রাতে বা কোনো ছুটিছাটায় বেসিনের পাইপ বদ্ধ (ক্লগড) হয়ে গেলে কোনো মিস্ত্রিকে যে ডাকবেন সে উপায়ও সবসময় থাকে না। তাহলে উপায়?  

ঘরোয়া কিছু উপকরণ এবং কৌশলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যা থেকে রক্ষা পেতে পারেন।

গরম পানি-লবণ 

বেসিনের ড্রেনে আধা কাপ লবণ ঢেলে দিন। দুই লিটার পানি ফুটিয়ে গরম পানিটুকু ঢেলে দিন ঠিক ৩০ মিনিট পর। ধীরে ধীরে ঢালবেন পানি। দুই লিটার পানি ঢালা হলে পর আরও খানিকটা গরম পানি ঢালুন যেন লবণ পুরোপুরি দূর হয়। লবণের সঙ্গে সঙ্গে দূর হবে পাইপে জমে থাকা ময়লাও।

এরপর পানি ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মেশান। ফেনা উঠে গেলে ঢেলে দিন বেসিনে। এটিও পাইপে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে। 

বেসিনে কখনোই চুল ফেলবেন না। ছবি: ফ্রিপিক

ব্রাশ ব্যবহার

বাইরে থেকে চাপ দিয়ে বেসিনের পাইপের ভেতরের আবর্জনা পরিষ্কারের জন্য নির্দিষ্ট ব্রাশ রয়েছে বাজারে। এই ধরনের একটি ব্রাশ কিনে রাখতে পারেন। রাতে থালাবাসন ধোয়ার কাজ শেষ হয়ে গেলে সেই ব্রাশ দিয়ে একবার চাপ দিয়ে পাইপ পরিষ্কার করে রাখবেন। এতে পাইপে ময়লা জমবে না।

বেকিং সোডা 

আধা কাপ বেকিং সোডা বেসিনের নেটের ওপরে দিয়ে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে এক কাপ সাদা ভিনেগার ঢেলে দিন। শেষে দিন গরম পানি। ময়লা কেটে যাবে। 

সতর্কতা

  • বেসিনে ভাত একেবারেই ফেলবেন না। ভাত জমে জমে দলা পেকে পানি চলাচলে অসুবিধা তৈরি হয়।
  • ময়দা বা আটা বেসিনে ফেলতে যাবেন না। এগুলো একটু একটু করে জমে দলা পেকে যায়। ফলে পানি বেরোনোর পথে বাধা হয়।
  • বেসিনে কখনোই চুল ফেলবেন না। দিনের পর দিন চুল জমে গিয়ে বেসিনে ও এর পাইপে একটি জালের মতো সৃষ্টি হয়। সেখানে অন্যান্য আবর্জনা জমা হয়ে পানি বেরোনোর জায়গাটি বন্ধ করে দেয়। তাই বেসিন বা বাথরুমের জালিতে চুল আটকালে তা কাঠি দিয়ে খুঁচিয়ে বের করে ডাস্টবিনে ফেলে দিন।