ঘরের অন্যতম প্রয়োজনীয় জিনিস এখন মাইক্রোওয়েভ। গরম খাবার থেকে শুরু করে সহজ রান্না, এই যন্ত্র ছাড়া যেন দিন চলে না। কিন্তু একবার খেয়াল করে দেখেছেন কি, ভেতরে জমে থাকা চিটচিটে দাগ, গন্ধ বা পোড়া খাবারের অংশ ঠিক কবে পরিষ্কার করেছিলেন?
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিষ্কার না করলে শুধু দুর্গন্ধ নয়, কমে যেতে পারে মাইক্রোওয়েভের কার্যক্ষমতাও। তাই বরং একদিন সময় বের করে একবারে ঝকঝকে করে তুলুন প্রিয় যন্ত্রটি।
কতবার পরিষ্কার করবেন?
- মাসে অন্তত একবার ভেতরটা ভালোভাবে পরিষ্কার করুন।
- বাইরে প্রতিদিন কিচেন কাউন্টার পরিষ্কারের সময় একটু মুছে নিতে পারেন।
- খাবার ছিটকে পড়লে সঙ্গে সঙ্গেই মুছুন, না হলে সেটা শুকিয়ে জেদি দাগে পরিণত হতে পারে।
- যন্ত্র থেকে পচা গন্ধ এলে আর দেরি নয়, সেই দিনই দিন।
লাগবে যেসব জিনিস
- সাদা ভিনেগার বা লেবুর রস
- পানি
- স্প্রে বোতল
- মাইক্রোওয়েভ-সেফ বাটি বা মগ
- মাইক্রোফাইবার কাপড় বা নরম স্ক্রাবার
- স্পঞ্জ
- গ্রিজ কাটার ডিশ সোপ
- অল-পারপাস ক্লিনার
- বেকিং সোডা (ঐচ্ছিক)
- এসেনশিয়াল অয়েল (ঐচ্ছিক)
- টুথপিক বা কাঠি
- ওভেন মিটস বা পটহোল্ডার
পরিষ্কার করার কৌশল
- একটি স্প্রে বোতলে পানি ও সাদা ভিনেগার সমান পরিমাণে মিশিয়ে নিন। মাইক্রোওয়েভের ভেতরে যেসব জায়গায় দাগ বা খাবার লেগে আছে, সেখানে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিন।
- একটি মাইক্রোওয়েভ-সেফ পাত্রে ২ কাপ পানি, ২ টেবিলচামচ ভিনেগার বা লেবুর রস দিন। চাইলে ১–২ ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। এটি মাইক্রোওয়েভে ৩ মিনিট চালিয়ে দিন। এরপর দরজা না খুলে আরও ১৫ মিনিট অপেক্ষা করুন—ভেতরে তৈরি হওয়া বাষ্প দাগ ও গন্ধ নরম করবে।
- ওভেন মিটস পরে গরম পাত্রটা বের করে ফেলুন। এরপর ভেতরের দেয়াল, ছাদ ও দরজার ভেতর দিক নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে মুছে ফেলুন। জেদি দাগ থাকলে সামান্য বেকিং সোডা ব্যবহার করতে পারেন।
- যন্ত্রের ভেতরের গোল ঘূর্ণনকারী অংশটি আলাদা করে গরম পানিতে সাবান দিয়ে ধুয়ে নিন। শুকিয়ে আবার বসিয়ে দিন।
- মাইক্রোওয়েভের বাহিরের অংশও কম গুরুত্বপূর্ণ নয়। অল‑পারপাস ক্লিনার একটি কাপড়ে স্প্রে করে মুছে নিন। বিশেষ করে নিয়ন্ত্রণ বোতাম, পাশ ও ওপরের দিকটায় যত্ন নিন। স্টেইনলেস স্টিল হলে দানার দিক মেনে মুছতে হবে, না হলে দাগ বসে যেতে পারে।
- আপনার মডেল যদি রেঞ্জের ওপর থাকে, তাহলে ফিল্টারও থাকতে পারে। সেটি খুলে গরম সাবান পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। খুব ময়লা হলে ১/৪ কাপ বেকিং সোডা দিন। এরপর স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে শুকিয়ে লাগিয়ে দিন।
দীর্ঘসময় পরিষ্কার রাখতে চাইলে
- খাবার গরম করার সময় কভার ব্যবহার করুন।
- সবসময় মাইক্রোওয়েভ-সেফ পাত্রে খাবার রাখুন।
- খাবার বেশি গরম করবেন না, সময় ও পাওয়ার নিয়ন্ত্রণে রাখুন।
- নিয়মিত ছোট স্পিল পরিষ্কার করলে বড় পরিষ্কারের ঝামেলা কমে যায়।
মাইক্রোওয়েভ পরিষ্কার রাখলে শুধু যন্ত্রের আয়ু বাড়ে না, আপনিও থাকেন জীবাণুমুক্ত। তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে ধাপগুলো অনুসরণ করুন। পুরোটা করতে সময় লাগবে বড়জোর ৩০ মিনিট। আজই ট্রাই করে দেখুন, নিজের রান্নাঘরের প্রশংসা না পেয়ে পারবেন না!