বাসন ধোয়ার পরও যদি গন্ধ থাকে, তাহলে যা করবেন

বাসন দেখতে পরিষ্কার লাগলেও মাঝে মাঝে তাতে আগের খাবার বা পানীয়ের গন্ধ থেকে যেতে পারে। এমনকি ধোয়ার পরও। বাসন, হাঁড়ি-পাতিল, কিংবা প্লাস্টিকের কন্টেইনারে এই গন্ধ আসার কারণ হলো মাইক্রোবস বা জীবাণু। এই জেদি গন্ধ হাত দিয়ে বা ডিশওয়াশারে ধোয়ার পরও থাকতে পারে। তবে চিন্তার কিছু নেই, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই বিরক্তিকর গন্ধ দূর করা সম্ভব। নিচে দেওয়া হলো গন্ধ দূর করার উপায়।

বাসনের গন্ধ দূর করার উপায়

আবার ধুয়ে নিন: একটি সিঙ্ক বা টাবে গরম পানি নিয়ে তাতে ডিশওয়াশিং লিকুইড দিন। পরিষ্কার স্পঞ্জ বা নরম ব্রাশ দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। পরে গরম পানি দিয়ে ভালোভাবে কুলিয়ে শুকানোর র‍্যাকে রাখুন। একদম শুকানোর আগে কখনোই বাসন গুছিয়ে রাখবেন না।

ভিনেগারে ভিজিয়ে রাখুন: গন্ধ দূর করতে ভিনেগারও দারুণ কাজ করে। সমান পরিমাণ সাদা ভিনেগার ও হালকা গরম পানি মিশিয়ে একটি পাত্রে নিন। বাসনগুলো এতে অন্তত এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর গরম পানি দিয়ে ভালোভাবে কুলিয়ে শুকাতে দিন।

বেকিং সোডা দিয়ে ঘষুন: আরেকটি কার্যকর উপায় হলো বেকিং সোডা। আধা কাপ বেকিং সোডার সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। নরম ব্রাশ দিয়ে বাসনের সব জায়গা ঘষুন। চাইলে এক ঘণ্টা রেখে পরে গরম পানি দিয়ে কুলিয়ে শুকিয়ে নিন।

গন্ধ প্রতিরোধের উপায়

ডিশওয়াশার ও সিঙ্ক পরিষ্কার: ডিশওয়াশারের ভেতরের দুর্গন্ধ বাসনে লেগে যেতে পারে। বছরে অন্তত চারবার ডিশওয়াশার পরিষ্কার করুন। ফিল্টার ও ড্রেন লাইনও পরিষ্কার রাখুন। সিঙ্কও প্রতিদিন পরিষ্কার করুন, গারবেজ ডিসপোজাল চালান এবং ড্রেন ফ্লাশ করুন, যাতে ব্যাকটেরিয়া জমে গন্ধ তৈরি না করে। স্পঞ্জ, ব্রাশ, কাপড় নিয়মিত ধুয়ে ১-২ সপ্তাহ পরপর বদলান।

ডিশওয়াশার সঠিক ব্যবহার: ডিশওয়াশার বেশি ভর্তি করলে কিছু জায়গা ভালোভাবে পরিষ্কার হয় না। ঠিকভাবে লোড করুন এবং ধোয়ার পর দ্রুত খুলে ফেলুন। বন্ধ ডিশওয়াশারে ভেজা বাসন রেখে দিলে ছত্রাক জন্মাতে পারে।

গরম পানির ব্যবহার: হাত দিয়ে বা ডিশওয়াশারে ধোয়ার সময় গরম পানি ব্যবহার করলে তেল-চর্বি ভালোভাবে দূর হয়। ওয়াটার হিটার সঠিক তাপমাত্রায় আছে কিনা তা নিশ্চিত করুন। যদি আপনার এলাকায় পানির খনিজ উপাদান বেশি হয় (হার্ড ওয়াটার), তাহলে ওয়াটার সফটেনার ব্যবহার করতে পারেন।

ভালো মানের ডিশওয়াশিং ব্যবহার: ডিশওয়াশিং লিকুইডে যেন তেল-চর্বি ভাঙার উপাদান থাকে, তা নিশ্চিত করুন।

বাসন সঠিকভাবে সংরক্ষণ: ক্যাবিনেট ও স্টোরেজ জায়গা নিয়মিত পরিষ্কার করুন। ভেজা বাসন কখনোই গুছিয়ে রাখবেন না।

ফাটা বাসন ফেলে দিন: প্লাস্টিক বা সিরামিক বাসনের ফাটলে ব্যাকটেরিয়া জমে গন্ধ তৈরি করতে পারে। চিপড বা ফাটা বাসন ফেলে দিন।