সম্পর্ক ভাঙার জন্য দায়ী এই ৫ কারণ, জানুন সমাধান

সবাই ভালো এবং সুস্থ সম্পর্কের স্বপ্ন দেখেন। এই আশা কি সকলের পূরণ হয়? কারও হয়। আবার কারও সম্পর্ক ভাঙে বারবার। কোনোভাবেই যেন তাঁরা টেকাতে পারেনা। কিন্তু এমনটা কেন হয় জানেন? সম্পর্ক ভাঙার পেছনে রইল ৫ কারণ। দেখুন আপনিও এমন কোনো ভুল করছেন কিনা।

আকাশছোঁয়া প্রত্যাশা: সম্পর্কের শুরুতে অনেকে তাঁর সঙ্গীর উপরে প্রত্যাশার ভার চাপিয়ে দেন। সেটি একসময় তাঁর হয়ে উঠতে পারে খারাপ লাগার কারণ। প্রথমে অনেকে এগুলো হাসি মুখে মেনে নেন। তবে পরবর্তী সময়ে তা বিরক্তিকর লাগতে শুরু করে। এমন চলতে থাকলে একসময়ে আপনার সঙ্গীর হয়তো দমবন্ধও লাগতে পারে। তাই তিনি বেছে নেন ভাঙনের পথ। এবার থেকে আপনাকে একটু সতর্কভাবে চলতে হবে। সম্পর্কের শুরুতেই বিপরীতের মানুষটির উপরে প্রত্যাশার ভার চাপিয়ে দেবেন না।

সময় দিতে না পারা: প্রেমের সম্পর্কটি সুন্দর করে সাজিয়ে তুলতে একটু সময় লাগে। আর একে অপরকে সেই সময়টা দিতেই হবে। নাহলে সম্পর্কের ভিত মজবুত হবে কী ভাবে? কিন্তু আপনি তো একদম অন্যরকম। সম্পর্ককে সময় দিতে নারাজ। আপনি মনে করেন, একজন মানুষকে মনে মনে ভালোবাসলেই সম্পর্কও ঠিক রাখা যায়। এবার বাস্তব বুঝুন এবং সেই মতো পদক্ষেপ করুন।

যোগাযোগ রক্ষা: সম্পর্ক ভালো রাখার অন্যতম পন্থাই হল সঠিক যোগাযোগ রক্ষা। নিজেদের মধ্যে কোনো সমস্যা হলে, সেটি নিয়ে সরাসরি আলোচনা করা জরুরি। মুখোমুখি কথা বললে এবং সমস্যা সমাধানের পথ বের করতে পারলেই পরিস্খিতি সহজ হবে। কিন্তু সমস্যা দেখলে দূরে পালালে সম্পর্ক ভাঙবে।

দায়িত্ব নিতে ভয়: সম্পর্কে দায়িত্ব নিতেই হবে। নাহলে সামনের মানুষটি আপনাকে ভরসা করবেন কীভাবে? কিন্তু আপনি যদি দায়িত্ব নিতেই প্রস্তুত না থাকেন, তাহলে তো সম্পর্ক ভাঙবেই। আজ না হয়তো কাল। তাই এবার থেকে একটু বুঝেশুনে পদক্ষেপ করুন। অল্প অল্প দায়িত্ব নিতে শিখুন। সম্পর্কের পথ মসৃণ হবে।

ব্যক্তিগত পরিসর দিন: আপনার প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর ইচ্ছে হতেই পারে। এটা বেশ স্বাভাবিক। কিন্তু তাঁর জীবনের ব্যক্তিগত পরিসর এবং সময়কে সম্মান করাও তো জরুরি। আপনি যদি সব সময়ে বিপরীতের মানুষটির ঘাড়ে নিশ্বাস ফেলেন, তাহলে তিনি বিরক্ত হবেনই। এমনকী আপনাকে ছেড়ে চলেও যেতে পারেন।

এবার থেকে সতর্ক হন। সঙ্গীর ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দিন। এতে সমস্যা অনেকটাই কমে যাবে।