সকালে ঘুম ভেঙে ফেসবুকে ঢুকতেই দেখলেন, আপনার প্রিয় বন্ধু নতুন একটি প্রোফাইল পিকচার আপলোড দিয়েছেন। কিন্তু ছবির ফ্রেমে তিনি একা নন, আছেন তাঁর সাথে সম্পর্কে থাকা মানুষটিও।
‘মানুষ কোন ভাবনা থেকে নিজের প্রোফাইল পিকচারে এমন কাপল ছবি দিয়ে রাখে!’, এটাই ভাবছেন কী? আসলে এই প্রশ্ন ভাবিয়েছে মনস্তত্ত্ব নিয়ে কাজ করা গবেষকদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে যুগলদের আচরণ ও ছবি প্রদর্শন নিয়ে হয়েছে একাধিক গবেষণা।
রোমান্টিক সঙ্গীসহ প্রোফাইল ছবি দেওয়া, রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন, কিংবা সারাক্ষণ নিজেদের সম্পর্কের কথা প্রচার জানান দেয়, কোনো ব্যক্তি তাঁর সম্পর্ক নিয়ে কেমন অনুভব করেন। প্রাক্তন সঙ্গী বা নীরবে তাঁর প্রতি অনুরক্ত, আইডিতে থাকা এমন ‘পটেনশিয়াল পার্টনার’দের প্রতিও এটি এক ধরনের বার্তাস্বরূপ।
কার কেমন আচরণ
এ বছরের শুরুতে ফেসবুক ব্যবহারকারীদের ওপর একটি গবেষণা পরিচালনা করেন ইউনিভার্সিটি অব পিটসবার্গের গবেষকেরা। দেখা যায়, ২৯% গ্রাহক তাদের প্রোফাইল ছবি হিসেবে ‘কাপল ফটো’ দিয়েছেন। ‘ইন আ রিলেশনশিপ’ অথবা ‘ম্যারিড’ স্ট্যাটাস দিয়েছেন ৭০ শতাংশ। এ ছাড়া বিভিন্ন পোস্ট ও আপডেটে রোমান্টিক সঙ্গীর উল্লেখ করেছেন ১৫%।
মনের বিশেষজ্ঞরা এ আচরণকে বলছেন ‘ডায়াডিক ডিসপ্লে’। কিছু মানুষের মধ্যে এই ডায়াডিক ডিসপ্লের প্রবণতা অন্যদের তুলনায় বেশি। নিজেদের সম্পর্ক নিয়ে যারা তৃপ্ত ও প্রতিশ্রুতিবদ্ধ (কমিটেড), তারাই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে সঙ্গীসহ ছবি ও পোস্ট দিয়ে বারবার সম্পর্কের কথা জাহির করে থাকেন।
যে সম্পর্কে ভালোবাসার গভীরতা যত বেশি, ভালোবাসার প্রকাশও সেখানে তত তীব্র। আবার ক্ষেত্রবিশেষে, হিংসা বা ঈর্ষা থেকেও মানুষ সঙ্গীর ছবি ও আপডেটস সামাজিক মাধ্যমে ভাগাভাগি করে নেন।
অধিকারপ্রবণতা কিংবা বিশ্বাসের ঘাটতি থেকেও অনেকে নিজের সম্পর্কের কথা বারবার প্রকাশ করে থাকেন। এ ক্ষেত্রে ব্যক্তি এ আশঙ্কায় ভুগতে পারেন যে, সঙ্গী তাকে ছেড়ে চলে যাবেন!
বিপরীতে, গবেষণায় এসেছে ব্যক্তি হিসেবে যারা কিছুটা স্বাধীনচেতা, অথবা যাদের সঙ্গীর প্রতি নির্ভরতা কম তারা সামাজিক মাধ্যমে রিলেশনশিপ স্ট্যাটাস প্রদর্শনের ব্যাপারে ততোটা আগ্রহী নয়।
ঘনিষ্ঠ সম্পর্কে থাকা অনেক ব্যক্তি সঙ্গীকে তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করেন। সঙ্গীর মধ্যে তাঁরা যেন নিজেদেরকেই খুঁজে পান। ২৩৬ জনের ওপর করা একটি আলাদা জরিপে এই তথ্য উঠে এসেছে। নিজেদের সম্পর্ক নিয়ে সন্তুষ্ট, এমন মানুষেরা সঙ্গীকে আলাদা সত্ত্বা মনে করেন না। তাই এদের প্রোফাইল পিকচার থেকে জীবনের সব কিছুতে সঙ্গীর থাকে সরব উপস্থিতি।
এ ছাড়া দরকার না হলেও শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য, শো অফের চক্করে পড়ে অনেকেই নিজেদের সম্পর্কের কথা সামাজিক মাধ্যমে জানান দিয়ে থাকেন। বেশিরভাগ সময় এর উদ্দেশ্য থাকে প্রাক্তনের মনে জ্বালা ধরানো! এ ছাড়া রগচটা আত্মীয়-স্বজন বা কুচুটে প্রতিবেশীকে দেখাতেও অনেকে বারবার ফেসবুকে নিজের প্রেমিক বা প্রেমিকার ছবি দিয়ে থাকে।
তথ্যসূত্র: ইয়াহু নিউজ