প্রেমের সম্পর্কে কমলার খোসা তত্ত্ব আসলে কতটা কাজ করে!  

ধরুন, প্রেমিকা তাঁর ভালোবাসার মানুষটির কাছে কমলালেবু খাওয়ার আবদার করলেন। বিপরীত পাশের মানুষটি যদি এর প্রত্যুত্তরে কমলার খোসা ছিলে, সুন্দর করে সাজিয়ে প্রেমিকাকে হস্তান্তর করেন তাহলে সে একজন সুবিবেচক এবং দায়িত্ববান প্রেমিক।    

অন্যদিকে আগপাছ বিবেচনা না করে, খোসা না ছিলে প্রেমিক যদি আস্ত কমলাটিই প্রেমিকার হাতে ধরিয়ে দেন, তার অর্থ হলো প্রেমিক হিসেবে সে একেবারে উপযুক্ত নন; এটি সম্পর্কে ‘রেড ফ্ল্যাগ' হিসেবে বিবেচিত হবে। 

টিকটকে মাসকয়েক আগে এমন ভিডিও খুব চর্চায় ছিল। ‘ভালোবাসার পরীক্ষা’ নেওয়ার জন্য তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল এই কমলার খোসা তত্ত্ব। 

বাজারে এখন দেদারসে কমলা পাওয়া যাচ্ছে। চাইলে আপনিও গা ভাসাতে পারেন এই টিকটক ট্রেন্ডে! 

কিন্তু কেবলমাত্র একটি ফল বা দুই মিনিটের একটি ভিডিওর মাধ্যমেই কি সম্পর্কের শক্তি বা গভীরতা যাচাই করা সম্ভব? ভালোবাসার সম্পর্ক কি এতোটাই ঠুনকো! চলুন জানা যাক এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতামত। 

থেরাপিস্টরা মনে করেন, সম্পর্কের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার যে ক্ষতিকর, সেটিই এখানে আরেকবার ফুটে উঠেছে। ফেসবুক, ইন্সটাগ্রাম বা টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শিত আরেকজনের জীবন বা সম্পর্কের সঙ্গে নিজেরটিকে তুলনা করা নেহায়েতই বোকামি।   

সম্পর্কের শক্তি বা গভীরতা যাচাই করা এতটা সহজ নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ছবি: ফ্রিপিক

সবচেয়ে বড় কথা হলো, পাবলিক ডোমেইনে সঙ্গীর সঙ্গে ছলচাতুরি বা চালাকি করা, তাঁকে ছোট করা অথবা তার ‘পরীক্ষা’ নেওয়া কখনোই স্বাস্থ্যকর সম্পর্কের ইঙ্গিত দেয় না। এতে ভুল বোঝাবুঝিরও জায়গা তৈরি হয়। আপনি হয়তো আনন্দিত মনে সঙ্গীকে কমলা আনার জন্য বলছেন, কিন্তু গোপনে সে ভিডিও ধারণ এবং ইন্টারনেটে সেটির প্রদর্শন তাঁর জন্য বিব্রতকরও হতে পারে।  

 

প্রেমের ভাষা

প্রেমের ভাষা দু’জনের মধ্যে বোঝাপড়ায় সাহায্য করতে পারে। ছবি: ফ্রিপিক

তবে কমলার খোসার সঙ্গে ‘লাভ ল্যাঙ্গুয়েজ’ বা প্রেমের ভাষার এক ধরণের যোগ রয়েছে। ভালোবাসা প্রদান এবং গ্রহণের পেছনে পাঁচ ধরণের লাভ ল্যাঙ্গুয়েজ রয়েছে বলে মনে করা হয়। এগুলো হলো প্রশংসা করা, কোয়ালিটি টাইম কাটানো, উপহার দেওয়া-নেওয়া, সেবামূলক কাজ এবং শারীরিক স্পর্শ।

নিজের এবং সঙ্গীর প্রেমের ভাষা দু’জনের মধ্যে বোঝাপড়ায় সাহায্য করতে পারে। তবে এই প্রেম প্রকাশের ভাষা ব্যক্তিভেদে ভিন্ন হয়। আপনার কাছে হয়তো দু’জনের মধ্যে কোয়ালিটি টাইম কাটানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যদিকে আপনার সঙ্গী পছন্দ করে উপহার দিতে এবং গ্রহণ করতে। 

কমলার খোসা ছাড়ানো আপনার কাছে প্রেমের ভাব প্রকাশের একটি মাধ্যম হলেও সঙ্গীর কাছে নিছকই ছেলেমানুষী আচরণ। কিন্তু আপনাকে খুশি করার জন্য সে কতটুকু প্রচেষ্টা দিতে ইচ্ছুক সেই উত্তর এখানে মিলে যায়।     

আপনাকে আনন্দিত অনুভব করানোর প্রচেষ্টার মধ্য দিয়ে আপনার প্রতি তাঁর সম্মান এবং যত্নের বহিঃপ্রকাশ ঘটে।

তথ্যসূত্র: ভেরি ওয়েল মাইন্ড