ইন্টারনেটের দুনিয়ায় সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন যেভাবে

বর্তমান ডিজিটাল যুগে শিশুরা খুব অল্প বয়সেই ইন্টারনেটের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে। সামাজিক মিডিয়া, গেম, ভিডিও দেখা, কিংবা বন্ধুদের সঙ্গে চ্যাট করা—এসবই এখন তাদের দৈনন্দিন জীবনের অংশ। এতে যেমন শিশুদের জন্য নতুন দিগন্ত উন্মোচন হয়েছে, তেমনি বাবা-মায়ের জন্যও এটি নতুন ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রত্যেকটি বাবা-মা চায় তাদের সন্তানরা নিরাপদ, সচেতন এবং দায়িত্বশীলভাবে অনলাইনে সময় কাটাক, তবে এক্ষেত্রে তাদের গোপনীয়তা এবং তাদের প্রতি বাবা-মায়ের আস্থা রক্ষা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সন্তানের বিশ্বাস অটুট রেখে অনলাইন জীবন পর্যবেক্ষণ করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

কীভাবে সন্তানকে নিরাপদ রাখবেন

খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করুন: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শিশুর সঙ্গে খোলামেলা এবং বিশ্বাসপূর্ণ সম্পর্ক স্থাপন করা। সন্তানকে বুঝিয়ে বলুন ইন্টারনেট ব্যবহার করা দোষের কিছু নয়, তবে নিরাপদ থাকার কিছু নিয়ম মেনে চলতে হবে। তারা কীভাবে অনলাইন সময় কাটায়, কী দেখে, কার সঙ্গে কথা বলে—এসব বিষয়ে নিয়মিত কথা বলুন। তাদের সঙ্গে নিয়মিত আলোচনা করে অনলাইন অভিজ্ঞতা সম্পর্কে খোলামেলা কথা বলা, এবং যে সমস্ত বিপদ বা ঝুঁকি তারা অনলাইনে সম্মুখীন হতে পারে সে সম্পর্কে সচেতন করা প্রয়োজন।

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখুন এবং সন্তানকে শেখান: এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো বাবা-মা হিসেবে প্রযুক্তি সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা। আপনি যদি বুঝতে না পারেন কীভাবে সোশ্যাল মিডিয়া কাজ করে বা কোন গেম বা অ্যাপ্লিকেশন তাদের ব্যবহার করতে হয়, তাহলে আপনার সন্তানের উপর নজর রাখা কঠিন হতে পারে। এই কারণে, প্রযুক্তির সাথে আপডেট থাকুন এবং তাদের ব্যবহৃত প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করুন। এতে আপনি তাদের অনলাইন কর্মকাণ্ড সম্পর্কে আরও সচেতন হতে পারবেন এবং উপযুক্তভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

একই সঙ্গে সন্তানকে ডিজিটাল ডিভাইসের প্রাইভেসি সেটিংস বুঝতে শেখান। কোনো ব্যক্তিগত তথ্য যেন তারা অপরিচিতদের সঙ্গে শেয়ার না করে। তাদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে বলুন—পাসওয়ার্ড যেন অন্য কাউকে না দেয় এবং নিয়মিত পরিবর্তন করে।

প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার: অনেক ব্রাউজারে প্যারেন্টাল কন্ট্রোল বা সেফ ব্রাউজিং অপশন থাকে। এতে ক্ষতিকর কন্টেন্ট ব্লক করা যায় এবং শিশুদের জন্য নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করা যায়। বেশ কিছু প্যারেন্টাল কন্ট্রোল সফটওয়্যার পাওয়া যায়, যা আপনার সন্তানদের অনলাইন কার্যকলাপ ট্র্যাক করতে সাহায্য করে। এসব অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারেন তারা কোথায় যাচ্ছে, কী ধরনের কনটেন্ট দেখছে এবং কি ধরনের ব্যক্তির সাথে যোগাযোগ করছে। তবে, এই ধরনের সফটওয়্যার ব্যবহারের আগে, আপনার সন্তানের সঙ্গে এটি নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ, যাতে তারা বুঝতে পারে যে এটি তাদের নিরাপত্তার জন্য এবং আপনার উদ্বেগ মেটানোর জন্য ব্যবহার করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ার সীমা নির্ধারণ করুন: সন্তান কোন বয়সে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবে, তার জন্য স্পষ্ট নিয়ম তৈরি করুন। ১৩ বছরের নিচে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয়।

সন্তান কোন বয়সে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবে, তার জন্য স্পষ্ট নিয়ম তৈরি করুন। ছবি: ফ্রিপিকসময় নির্ধারণ করুন: অনলাইনে বেশি সময় কাটানো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দৈনিক কতক্ষণ স্ক্রিনের সামনে থাকবে, তা নির্ধারণ করুন। শিশুর জন্য একটি সুনির্দিষ্ট ডিজিটাল সময়সূচি এবং সীমাবদ্ধতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিশেষ সময়ের পরে, যেমন রাতের খাবার বা বিশ্রামের সময়, তাদের অনলাইনে থাকা নিষিদ্ধ করুন এবং তাদের ফ্রি টাইমের মধ্যে শখ বা অন্য স্বাস্থ্যকর কার্যকলাপে সময় কাটানোর পরামর্শ দিন।

সতর্কতা ও সচেতনতা গড়ে তুলুন: যদি কেউ অনলাইনে আপনার সন্তানকে অস্বস্তিকর কিছু বলে বা শেয়ার করে, তাহলে আপনাকে জানাতে উৎসাহিত করুন। সন্দেহজনক লিংকে ক্লিক না করা, অপরিচিতদের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করা—এ ধরনের বিষয় শেখান।

বিশ্বাস ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখুন: সন্তানদের সবকিছুতে সীমাবদ্ধতা তৈরি করা উচিত নয়, কারণ এতে তারা আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়ে গোপনে ইন্টারনেট ব্যবহার করতে পারে। বরং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে ধীরে ধীরে নিরাপদ অনলাইন অভ্যাস গড়ে তুলতে সাহায্য করুন।

সন্তানের ওপর অতিরিক্ত নজরদারি, পারমিশন ছাড়াই তাদের অনলাইন কার্যকলাপ পর্যবেক্ষণ বা প্রাইভেট চ্যাটে হস্তক্ষেপ করা তাদের আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত স্বাধীনতা ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং, আপনি যে সমস্ত পদক্ষেপই নেন না কেন, তা যেন তাদের কাছে অবিশ্বাসের কারণ না হয়ে দাঁড়ায় । আপনার সন্তানের মধ্যে আস্থা রাখুন এবং তাদের প্রতিনিয়ত শেখান কীভাবে তারা অনলাইনে নিরাপদ থাকতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

লেখক: শিশু বিকাশ বিষয়ক গবেষক, শিশুবিকাশ ডট কম