ফাফো প্যারেন্টিং কী? যে কারণে জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি

ছোট পরিবার, অফিসের ব্যস্ততা আর হাতে হাতে স্মার্টফোন। এই সময়ে সন্তান বড় করা অনেক অভিভাবকের কাছেই সহজ নয়। অতিরিক্ত আগলে রাখা যেমন ঠিক নয়। আবার ভয় দেখানো বা জোর করে শাসন তার উপর বাড়তি চাপ ফেলতে পারে। এতে শেখার স্বাভাবিক সুযোগটা হারিয়ে ফেলে শিশুরা। ঠিক এই সমস্যা সমাধানে জনপ্রিয় হয়ে উঠছে ফাফো প্যারেন্টিং।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

নিউক্লিয়ার পরিবার, ব্যস্ত কর্মজীবন, চারপাশজুড়ে ডিজিটাল স্ক্রিন। এই বাস্তবতায় সন্তান বড় করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জিং। সময়ের অভাব, মানসিক চাপ আর সন্তানকে ‘ভুল থেকে বাঁচিয়ে রাখার’ তাগিদে অনেক বাবা-মা অজান্তেই হয়ে উঠছেন অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক। আবার কোথাও অতিরিক্ত আদর বা আহ্লাদে সন্তান হারিয়ে ফেলছে বাস্তবতার বোধ। ঠিক এই টানাপোড়েনের মাঝেই আধুনিক প্যারেন্টিং আলোচনায় উঠে আসছে একটি নতুন শব্দ, ফাফো প্যারেন্টিং।

ফাফো মানে ফুল অ্যারাউন্ড অ্যান্ড ফাইন্ড আউট। সহজ বাংলায় বললে, ভুল করলে তার স্বাভাবিক পরিণতি কী হয়, তা নিজে বুঝে নেওয়া। ‘হাঁটতে না শিখলে দৌড়ানো যায় না’, এই ধারণার ওপর দাঁড়িয়ে আছে এই পদ্ধতি। বিশ্বের বহু সফল মানুষের অভিজ্ঞতাও বলে, জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে ভুল থেকেই। সেই বাস্তবতাকে মাথায় রেখেই ফাফো পেরেন্টিংয়ের ধারণা।

কী এই ফাফো প্যারেন্টিং

ফাফো প্যারেন্টিংয়ে বাবা-মা সন্তানকে প্রতিটি ভুলের আগেই ঠিক করার চেষ্টা করেন না। বরং নিরাপদ ও বয়স-উপযোগী কিছু ভুল করতে দেন। উদ্দেশ্য একটাই, শিশু যেন নিজের ভুল থেকে শেখে। এখানে বকাঝকা, শাস্তি বা ভয় দেখানোর বদলে গুরুত্ব পায় বাস্তব অভিজ্ঞতা।

ধরা যাক, শীতের দিনে বারবার বলার পরও কোনো শিশু জ্যাকেট না পরে বাইরে যেতে চায়। জোর করে পরিয়ে দেওয়ার বদলে তাকে কিছুক্ষণ যেতে দেওয়া হলো। ঠান্ডা লাগলে সে নিজেই বুঝবে, কেন জ্যাকেট দরকার। আবার ধরুন, খেলনা বাইরে ফেলে রাখতে বারণ করা হলো, কিন্তু শিশু শুনল না। বৃষ্টিতে খেলনাটি নষ্ট হয়ে গেলে সে বুঝে নেবে, কেন জিনিসপত্র গুছিয়ে রাখা জরুরি। আলাদা করে শাসন করতে হয় না, ঠেকে শেখা’ই এখানে মূল শিক্ষা।

কেন বাড়ছে এই জনপ্রিয়তা

বর্তমান সময়ে অনেক অভিভাবকই ফাফো প্যারেন্টিংয়ের দিকে ঝুঁকছেন। এর পেছনে বড় কারণ হলো শিশুর মানসিক বিকাশ। এই পদ্ধতিতে শিশু ধীরে ধীরে বুঝতে শেখে, প্রতিটি সিদ্ধান্তের একটি ফল আছে। নিজের কাজের দায় নিজেকেই নিতে হয়। ফলে তার মধ্যে দায়িত্ববোধ, আত্মনির্ভরশীলতা ও বাস্তববোধ তৈরি হয়। ভবিষ্যতে জীবনের জটিল পরিস্থিতি সামলানোর মানসিক শক্তিও গড়ে ওঠে।

আরেকটি বড় কারণ অভিভাবকদের মানসিক চাপ। সারাক্ষণ সন্তানের পেছনে লেগে থাকা, তার প্রতিটি আচরণ নিয়ন্ত্রণ করা বা ছোটখাটো বিষয়ে তর্কে জড়িয়ে পড়া। সব মিলিয়ে অনেক বাবা-মা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। বিশেষ করে যারা দু’জনেই কর্মজীবী, তাদের জন্য বিষয়টি আরও কঠিন। ফাফো পদ্ধতিতে বাবা-মা একবার সন্তানের সামনে সম্ভাব্য পরিণতি তুলে ধরেন। তারপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সন্তানের। এতে অহেতুক জেদ, কান্না বা লড়াই অনেকটাই কমে আসে। অভিভাবকরাও কিছুটা মানসিক স্বস্তি পান।

অবহেলা নয়, সচেতন শেখানো

অনেকের মনে হতে পারে, প্যারেন্টিং তো সন্তানকে অবহেলা করা। বিশেষজ্ঞরা বলছেন, একেবারেই না। এই পদ্ধতি কখনোই নিষ্ঠুরতা বা দায়িত্বহীনতার নাম নয়। এখানে শিশুকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয় না। ভুলের পরিণতি হতে হবে নিরাপদ, সাময়িক এবং বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘটনার পর বাবা-মায়ের ভূমিকা। শিশুকে একা ফেলে দেওয়া নয়, বরং কী হলো, কেন হলো এবং ভবিষ্যতে কী করলে ভালো হবে, তা নিয়ে সন্তানের সঙ্গে কথা বলা জরুরি। এই আলোচনার মধ্য দিয়েই শেখাটা সম্পূর্ণ হয়। তবে যদি জানা বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও ভুল করতে দেওয়া হয়। তা হলে তা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। তাই ফাফো প্রয়োগের সময় অভিভাবকদের সচেতন থাকা জরুরি।

কোথায় এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না

ফাফো প্যারেন্টিং মানে সবকিছুতে ‘যা খুশি করো’ নীতি নয়। স্পর্শকাতর বা বিপজ্জনক পরিস্থিতিতে এই পদ্ধতির কোনো জায়গা নেই। যেমন, গরম কোনো বস্তু ধরতে দেওয়া, ব্যস্ত রাস্তায় বা ভিড়ের মধ্যে শিশুর হাত ছেড়ে দেওয়া, উচ্চতা থেকে লাফ দিতে দেওয়া। এসব ফাফো নয়। এতে শেখার চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, কঠোর শাস্তি, জনসমক্ষে অপমান, ভয় দেখানো বা অবহেলা। এসব কোনোভাবেই ফাফো প্যারেন্টিংয়ের অংশ হতে পারে না। বরং এমন অভিজ্ঞতা শিশুর মনে দীর্ঘস্থায়ী ভয় বা আঘাত তৈরি করতে পারে। ফাফোর মূল দর্শন হলো, নিরাপদ ভুলের মাধ্যমে শেখানো, ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা নয়।

কোন বিষয়ে সতর্ক থাকা দরকার

ফাফো প্রয়োগের সময় শিশুর বয়স, স্বভাব ও মানসিক অবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। খুব ছোট বা সংবেদনশীল শিশুদের ক্ষেত্রে এই পদ্ধতি সীমিতভাবে ব্যবহার করা উচিত। নইলে তারা নিজেকে অবহেলিত মনে করতে পারে, যা থেকে হতাশা বা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভুলের পর শুধু পরিণতি দেখিয়ে থেমে গেলে চলবে না। ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে বিষয়টি ব্যাখ্যা করা জরুরি। না হলে শিশুর মনে হতে পারে, বাবা-মা তার পাশে নেই। তাই ফাফো প্যারেন্টিং মানে দায়িত্ব ঝেড়ে ফেলা নয়; বরং আরও সচেতন ও ধৈর্যশীল অভিভাবক হওয়া।

ভুল থেকেই শেখা, এটি নতুন নয়। তবে আধুনিক প্যারেন্টিংয়ে সেই সত্যকে নতুনভাবে কাজে লাগানোর চেষ্টা করছে ফাফো পদ্ধতি। অতিরিক্ত নিয়ন্ত্রণ আর সম্পূর্ণ অবহেলার মাঝামাঝি একটি ভারসাম্যপূর্ণ পথই হলো ফাফো প্যারেন্টিং। যেখানে শিশু শেখে নিজের অভিজ্ঞতা থেকে। আর বাবা-মা থাকেন নিরাপদ ছায়ার মতো পাশে। ঠিক এই সমন্বয়টাই হয়তো আজকের দিনে সন্তানের মানসিক বিকাশের জন্য সবচেয়ে জরুরি।

ঈদুল ফিতর মানেই নামাজ, নতুন পোশাক, সুস্বাদু খাবার আর পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে বিশ্বের সব জায়গায় ঈদ উদযাপন এক রকম নয়। কোথাও খেলাধুলা, কোথাও রাজকীয় শোভাযাত্রা, আবার কোথাও স্মৃতিচারণ।...
শিশুর মস্তিষ্কের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত। এই সময়েই শেখার ক্ষমতা, কল্পনাশক্তি, ভাষা বোঝা ও আবেগ নিয়ন্ত্রণের ভিত তৈরি হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই...
খুদের মুখে বানানো গল্প, একটু বাড়িয়ে বলা কিংবা স্পষ্ট মিথ্যা, এমন অভিজ্ঞতা অনেক বাবা-মায়েরই পরিচিত। খেলতে খেলতে ভাঙা খেলনাকে ‘আমি ছুঁইনি’ বলা, পড়া না শিখেও ‘সব পারি’ দাবি, এগুলো শুনে রাগ হওয়াটাই...
শিশুরা স্বভাবতই নিজের জিনিস কাউকে ধরতে দেয় না। খেলনার ক্ষেত্রে তো এই আচরণ আরও বেশ। একসঙ্গে খেলতে গেলেও অনেক শিশু খেলার জিনিস ভাগ করতে চায় না। অনেক বাবা-মা তখন জোর করেন বা বকাঝকা করেন। কিন্তু এতে কি...
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর