প্রেম শুনতে যতটা মধুর, বাস্তবে কখনো কখনো ততটাই জটিল। কাছের মানুষ যখন সম্পর্কের নামে নিজের মত চাপিয়ে দেয়, আপনার অনুভূতিকে তুচ্ছ করে, তখন প্রেমের আড়ালে গোপনে ঢুকে পড়ে ইমোশনাল ম্যানিপুলেশন। আর এই ম্যানিপুলেশন এতটাই নিঃশব্দ যে শুরুতে টেরই পাওয়া যায় না। ধীরে ধীরে আপনি নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করেন, হালকা অপরাধবোধ পেয়ে বসে, মনে হয় যেন সব ভুল আপনারই।
কিন্তু সত্যিকারের ভালোবাসা আপনাকে ছোট করে না, অপরাধবোধে ভোগায় না, অকারণে ক্লান্ত করে না। তাই প্রেম আর ম্যানিপুলেশনের ব্যবধান বুঝে ফেলা জরুরি। কোন কোন লক্ষণে বুঝবেন আপনি ইমোশনালি ম্যানিপুলেট হচ্ছেন? চলুন জেনে নেওয়া যাক।
নিজের ওপর সন্দেহ জাগানো, ম্যানিপুলেশনের প্রথম ধাপ
ইমোশনাল ম্যানিপুলেটররা প্রথমেই আঘাত করে আপনার আত্মবিশ্বাসে। কোনো ঘটনা একইভাবে দুজনেই দেখেছেন, তবুও সে বলবে, ‘তুমি ভুল দেখেছ’, ‘তেমন কিছু হয়নি’, ‘তোমার মনে ভুল ধরে আছে’।
এগুলোই হলো গ্যাসলাইটিং। এক ধরনের মানসিক খেলা, যা আপনাকে বিশ্বাস করায়, আপনার স্মৃতি বা বিচার-বুদ্ধিই ভুল। ধীরে ধীরে আপনি ভাবতে শুরু করেন, ‘হয়তো সত্যিই ভুলটা আমার ছিল।’
এই সন্দেহটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। কারণ আপনি নিজের কথা কম, আর তার কথাই বেশি মানতে শুরু করেন।
অকারণে অপরাধবোধ সৃষ্টি করা
আপনার নিজের সীমা আছে, নিজের ব্যক্তিস্বাধীনতা আছে, এ কথা বোঝাতে গেলেই তারা কষ্ট পাওয়ার অভিনয় করবে। এমনভাবে পরিস্থিতি ঘুরিয়ে দেবে যেন আপনি তাকে আঘাত করেছেন।
কিছুদিন পরে দেখবেন, আপনি সেই ঘটনার জন্য ‘সরি’ বলছেন, যা আপনি করেনইনি!
মানুষ কাউকে ভালোবাসতে পারে, কিন্তু কারও সুখ-দুঃখের সমস্ত দায় নিজের ওপর নিয়ে নিলে সেই সম্পর্ক আর সুস্থ থাকে না। প্রেম নয়, সেটি হয়ে ওঠে শ্বাসরোধী মানসিক চাপ।
কথা আর কাজে কোনো মিল নেই
ম্যানিপুলেটররা প্রতিশ্রুতি দিতেই ভালোবাসে, ‘আমি পাল্টে যাব’, ‘সব ঠিক করে দেব’, ‘শুধু আরেকবার আমাকে বিশ্বাস করো।’ শুনতে বেশ ভালো লাগে, কিন্তু কাজের বেলায় কিছুই পরিবর্তন হয় না। শুধু অজুহাত বদলায়, আচরণ বদলায় না।
আর আপনি হয়তো ভাবেন, ‘এবার বুঝি সত্যিই বদলাবে।’ কিন্তু না, এটাই ম্যানিপুলেশনের ধরন। তারা জানে, আপনি সহজেই বিশ্বাস করবেন।
সম্পর্কের একমাত্র কেন্দ্র সে নিজেই
আপনি যদি কোনো কষ্টের কথা বলেন, কয়েক মুহূর্তেই সে কথার সুর পাল্টে যাবে। আপনার যন্ত্রণা ছাপিয়ে যাবে তার নিজের অভিমান, তার নিজের কষ্ট। ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছায় যে, আপনি আর নিজের কথা বলতেই চান না।
কারণ জানেন, আলোচনা যে কোনোভাবে ঘুরে গিয়ে তার ব্যক্তিগত সমস্যাতেই এসে থামবে। এভাবেই ধীরে ধীরে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। আপনি হয়ে পড়েন নীরব, আর সে হয়ে ওঠে সম্পর্কের একমাত্র ‘সত্যি’।
ইমোশনাল ম্যানিপুলেশন চোখে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে মানুষকে ভেঙে দেয়। নিজের অনুভূতিকে অবজ্ঞা করবেন না। সম্পর্ক মানে দুই পক্ষের সম্মান, সমঝোতা আর নিরাপত্তা। যেখানে আপনাকে ছোট করা হয়, অপরাধবোধে ফেলা হয়। সেখানে ভালোবাসা নয়, থাকে নিয়ন্ত্রণের খেলা।