বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে আমেরিকার নতুন সতর্কবার্তা

আমেরিকা পর্যটন বা স্বল্পমেয়াদি সফরের জন্য যে ভিসা দেওয়া হয়, সেটি হলো বি১/বি২ ভিসা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিসা ব্যবহার নিয়ে নতুন এক সতর্কবার্তা দিয়েছে। ইউএস এম্বাসি ঢাকার ভেরিফাইড ফেসবুক পেজে এমনই এক পোষ্ট দেখা যায়। যেখানে ভিসাধারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, এই ভিসায় কোনো ধরনের চাকরি বা শিক্ষাগত কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশনায় বলা হয়েছে, প্রথমেই বার্থ ট্যুরিজম বা শিশুর নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েই সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করা যাবে না। কিছু বছর ধরেই এ ধরনের ঘটনা ঘটে থাকে, যেখানে ভিসাধারীরা শুধুমাত্র শিশুর নাগরিকত্ব নিশ্চিত করার জন্য দেশটিতে পৌঁছান। কিন্তু নতুন নির্দেশনায় এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। যদি কেউ এমন কাজ করে ধরা পড়ে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতার মুখোমুখি হতে হবে।

এ ছাড়া বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা যাবে না। অর্থাৎ যেকোনো চাকরি বা বেতনভিত্তিক কার্যক্রম এই ভিসার আওতায় নিষিদ্ধ। শুধু তাই নয়, ভিসাধারীরা পারিশ্রমিকের বিনিময়ে কোনো ধরনের পারফরম্যান্স বা পেশাগত কাজও করতে পারবে না।

শিক্ষাগত কর্মকাণ্ডও এ ভিসার আওতায় নেই। ভিসা ব্যবহার করে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া অনুমোদিত নয়। বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হয়ে একাডেমিক ক্রেডিটের জন্য পড়াশোনা করতে হলে শিক্ষার্থী ভিসা (এফ-১ বা এম-১) নেওয়া বাধ্যতামূলক। অনেক সময় পর্যটকরা মনে করেন, ছোটখাটো কোর্স বা প্রশিক্ষণ নেওয়া যাবে। কিন্তু সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, এমন পড়াশোনাও এই ভিসার আওতায় আসে না।

ভিসাধারীদের সতর্ক করা হয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন করা হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ভিসা আবেদন জটিল হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভিসা বাতিল নয়, ভবিষ্যতে নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের লঙ্ঘনের হিসাব রাখা হয়। তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভিসার ধরন এবং শর্ত সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি।

অতএব যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের উচিত ভিসার শর্তাবলি অনুসরণ করা। পর্যটন, স্বল্পমেয়াদি সফর, বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনের সাথে দেখা, এসব কাজ করতে বি১/বি২ ভিসা ব্যবহার করা যাবে। কিন্তু কোনো ধরনের চাকরি, ব্যবসা, পেশাগত কার্যক্রম বা শিক্ষাগত কাজ করলে তা ভিসার শর্ত লঙ্ঘন হবে।

বি১/বি২ ভিসা শুধুই ভ্রমণ ও স্বল্পমেয়াদি সফরের জন্য, তার এর সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর দায়িত্ব। নিয়ম না মানলে শুধু ভিসা বাতিলে সম্ভাবনেই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। তাই যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার শর্ত ও সীমাবদ্ধতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকা জরুরি।