নতুন নিয়ম অনুযায়ী এখন ফ্লাইটের ৬০ শতাংশ সিট বাছাই করা যাবে বিনামূল্যে। এমনটাই বলছে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে। কিন্তু এতে টিকিট পুরো ফ্রি হবে না। এটি শুধুই সিট সিলেকশন চার্জের জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি যেদিন টিকিট কিনছেন, টিকিটের দাম আগের মতোই দিতে হবে। শুধু এখন অতিরিক্ত চার্জ ছাড়াই সিট বেছে নেওয়া যাবে।
ফ্রি সিট মানে কী?
আগে অনেক এয়ারলাইনস উইন্ডো, আসনের সামনে বা এক্সট্রা লেগরুমের জন্য আলাদা চার্জ নিত। নতুন নিয়মে কমপক্ষে ৬০ শতাংশ সিট সিলেকশন ফ্রি করা হয়েছে। এটি যাত্রীদের জন্য একটি বড় সুবিধা, কারণ টিকিট কিনে পরে সিট বাছাইয়ে অতিরিক্ত খরচের ঝামেলা থাকবে না।
এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। এতে ফ্লাইটের অতিরিক্ত লুকানো খরচ কমবে। পরিবারের বা গ্রুপের যাত্রীরা একসাথে বসতে পারবে। টিকিটের মূল্য আরও স্বচ্ছ হবে।
এতে যে অসুবিধা হতে পারে
টিকিটের দাম বাড়তে পারে: এয়ারলাইনস এই অতিরিক্ত চার্জ থেকে আয় করে। যদি তারা এই আয় হারায়, হয়তো বেস ফেয়ার বাড়িয়ে ক্ষতি পূরণ করবে। তাই আলাদা সিট চার্জ না দিলেও মোট খরচ বেশি হতে পারে।
সব সিট ফ্রি নয়: নিয়ম অনুযায়ী ‘কমপক্ষে ৬০শতাংশ’ সিট ফ্রি। তাই প্রিমিয়াম সিট- এক্সট্রা লেগরুম, এক্সিট রো বা ফ্রন্ট রো। এখনও আলাদা চার্জে পাওয়া যাবে। সুতরাং ফ্রি সিটগুলো সবসময় সবচেয়ে ভালো অবস্থানে নাও থাকতে পারে।
সিটের প্রাপ্যতা সময়ের ওপর নির্ভরশীল: দেরিতে বুক করলে অনেক ফ্রি সিট ইতিমধ্যেই নেওয়া হয়ে যেতে পারে। তখন বাকি সিট বাছাই করতে আপনাকে আবার চার্জ দিতে হতে পারে।
কীভাবে সুবিধা নেবেন?
- আগে বুক করুন: ফ্রি সিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।
- পরিবার বা গ্রুপের জন্য: একই পিএনআরে বুক করলে চেষ্টা করুন কাছাকাছি বসার।
- প্রিমিয়াম সিটের জন্য: যদি চান ফ্রন্ট বা এক্সট্রা লেগরুম, তাহলে কিছু অতিরিক্ত খরচ বিবেচনা করুন।
নতুন নিয়ম যাত্রীদের জন্য সুবিধাজনক। কিন্তু ফ্লাইট হঠাৎ সস্তা হবে না। এখানে মূল পার্থক্য হলো এয়ারলাইনসের চার্জের ধরন পরিবর্তন হয়েছে। এখন আপনি আলাদা সিটের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন না। তবে সম্ভবত টিকিটের মূল দাম অন্যভাবে সামান্য বেশি হতে পারে।