ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের দেহাবশেষের সন্ধানে কলকাতার সঞ্জীব গার্ডেনের ফ্ল্যাটের স্যুয়ারেজ লাইনে তল্লাসী করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদ।
মঙ্গলবার দুপুর থেকে কলকাতার ভাঙ্গরেরর কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে তল্লাশি চালায় সিআইডি। এসময় সঙ্গে ছিলো বাংলাদেশের ডিবির প্রতিনিধি দলও। পশ্চিমবঙ্গের সিআইডি ও রাজ্য পুলিশের সহযোগিতায় এ কাজ চলছে বলে জানায় ডিবি।
এছাড়া মঙ্গলবার দুপুরে কলকাতার নিউটাউনের ওয়েস্টিন হোটেল থেকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে যান হারুন। সেখানে কলকাতা পুলিশ কমিশনার বিনীত কোয়েলের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতের পাশাপাশি এমপি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় ডিবি।
এসময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদ বলেন, ‘বাসার ভেতরে যে তিনটা কমোড আছে সেটার ফ্লাশ করার পরে যে স্যুয়ারেজ লাইনটা, সে লাইনটা ভাঙার জন্য আমরা তাদেরকে বলেছি। তাঁতীশালা যে ব্রিজটা আছে তার আশেপাশে তল্লাশি করার কথা আমরা বলেছি। চেষ্টা চলছে।’
গত রোববার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল কলকাতায় যায়। ওই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-আব্দুল আহাদ ও সাহেদুর রহমান।
গত ১২ মে কলকাতায় চিকিৎসা করানোর জন্য যান ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজীম। ১৩ তারিখ নিউটাউনের ফ্ল্যাটে খুন হন সাংসদ। দুদিন নিখোঁজ থাকার পর তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি ভারতের পুলিশ জানতে পারে। হত্যায় জড়িত সন্দেহে বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে, বনগাঁ থেকে গ্রেপ্তার হয় জিহাদ ও সিয়াম।