ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম খুনের ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ সিয়াম হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করল ভারতের পশ্চিমবঙ্গের সিআইডি। আজ রোববার সকালে এই হাড়গোড়গুলো পাওয়া যায়।তবে সেই হাড় বাংলাদেশের সংসদ সদস্যের কি না তা স্পষ্ট নয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একটি ঝোপের পাশ থেকে হাড়গোড়গুলো উদ্ধার করা হয়। ফরেনসিক পরীক্ষার পর হাড়গুলো কিসের তা নিশ্চিত হওয়া যাবে।
সিআইডি জানায়, গত ১৩ মে আনোয়ারুলকে খুনের পরে নিউ টাউনের অভিজাত আবাসন থেকে আজীমের দেহের অংশ ট্রলি সুটকেসে ভরে কৃষ্ণমাটিতে বাগজোলা খালে ফেলে দিয়েছিলেন সিয়াম। সঙ্গে ছিল খুনের মামলায় অন্যতম অভিযুক্ত জিহাদ হাওলাদার। জিহাদকে আগেই গ্রেপ্তার করেছিল সিআইডি। গত ১৬ মে বিহার হয়ে নেপালে পালিয়ে যান সিয়াম।