বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম শেষ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রমরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর বা উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১ থেকে ৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা, রাজশাহী, বরিশালসহ দেশের ৮ বিভাগের প্রায় সব জেলা-উপজেলায় বুধবার রাত থেকেই হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় সকাল ৬টা পর্যন্ত ৬ মিলি মিটার, আর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে দুর্ভোগে পড়েন শ্রমজীবীসহ অফিস ও স্কুলগামীরা।
নিম্নচাপের প্রভাবে, সারা দেশে আগামী ২ দিন বজ্রপাতসহ ভারী ও অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রামসহ পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা আছে।
আবহাওয়াবিদ কালাম মল্লিক বলেন, ‘অতিভারি বৃদ্ধির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা আছে। ভারি বৃষ্টিপাতের কারণে ওইসব এলাকার নিম্নাঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।’
ভারী ও অতিভারী বৃষ্টিপাতের কারণে কোনো কোনো জায়গায় জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।