ঐকমত্য কমিশনের সংলাপ

শিক্ষার্থীদের পেটানোর প্রতিবাদে ১০ মিনিটের ওয়াকআউট ৩ দলের

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সচিবালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতীকী প্রতিবাদ জানিয়েছে তিনটি বামপন্থী রাজনৈতিক দল। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।

আজ বেলা ১১টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৮তম দিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হৃদয় বিদারক ঘটনা হয়েছে। সেটার প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই।’

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘বর্তমান সরকারের কর্মকাণ্ডে অতীতের স্বৈরাচারী শাসকের আচরণ ফুটে উঠেছে। আগে স্বৈরাচারী হাসিনা বিপদে পড়ে যে ধরনের কথা বলতেন, এখন উপদেষ্টারা সে ধরনের কথা বলছেন।’

ঐকমত্যের আলোচনা জরুরি উল্লেখ করে প্রিন্স বলেন, ‘এ ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখানে থাকা সম্ভব হচ্ছে না। এ জন্য ১০ মিনিটের জন্য থাকতে চাই না।’

তাঁকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তখন ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। পরে বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তারা আবারও সংলাপে যোগ দেয়। 

দল তিনটি ওয়াকআউটের পর কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘তিনটি দল প্রতীকী প্রতিবাদ হিসেবে যা জানিয়েছেন, সেটা নাগরিক হিসেবে, রাজনৈতিক দলের অধিকারের চর্চাকে স্বাগত জানাই। তাদের বক্তব্যগুলো জাতির সামনে উপস্থাপিত হয়েছে। সরকার বিষয়টি বিবেচনা করবে।’