১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসে ফুল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো নির্দেশ ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় তো বিবৃতি দিয়েছেই, এরপর তো কথা নেই। ফুল দেওয়ার ক্ষেত্রে বা বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশ ছিল আমি জানি না। আমাদের ক্ষেত্রে ফুল দেওয়া বা না দেওয়া, আপনারাই তো জানেন পরিস্থিতি কি। আমাদের ক্ষেত্রে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, সে নির্দেশনা ছিল। ওসির বিষয়ে কোনো রিপোর্ট এখনও পাইনি।’
উপদেষ্টা আরও বলেন, ‘মব সন্ত্রাসের বিষয়ে আলোচনা হলো, এটা যতটা কমিয়ে আনা যায়। আমি বলব না যে এটা এলিমিনেট হয়ে গেছে। যেমন রংপুরে একটা হয়েছে। দু–একটা কিন্তু হয়েই যাচ্ছে।’
গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে অনেকেই গণপিটুনি ও হেনস্তার মুখে পড়েন। এর মধ্যে আজিজুর রহমান নামের এক রিকশাচালককে গণপিটুনির পর গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জুলাই অভ্যুত্থানের সময়ের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।
পরে গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে সমালোচনা ঝড় ওঠে। রোববার ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়নি বরং সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।
একই দিন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, রিকশাচালক আজিজুর রহমানকে কেন গ্রেপ্তার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পরে রোববারই তাকে জামিন দেয় ঢাকার একটি আদালত।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা বলেছি, পুলিশ মামলা করে না, জনগণই মামলা করছে। আমরা একটা কমিটি করছি। নির্দোষ কেউ যেন সাজা না পায়, এটা আমরা চাই। আমরা চুনোপুটি ধরি, রুই মাছ পালিয়ে যায়।’
উপদেষ্টা আরও জানান, নির্বাচনকে ঘিরেই শুধু নয়, অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ হাজার ৮৫১ জন আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, বিজিবি ৪ হাজার ৪৬৯ জন, আনসার ৫ হাজার ৫৫১ জন এবং কারা অধিদপ্তরে ১ হাজার ৫৫৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পদ সৃজন ও শুন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।