বেয়ারিং প্যাড দুর্ঘটনার পর মেট্রোরেলের যাত্রী কমে গেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ডিএমটিসিএল এমডি বলেন, ‘বেয়ারিং দুর্ঘটনার কারণে মেট্রোরেলের যাত্রী কমে গেছে। আগে প্রতিদিনের যাত্রী ছিল ৪ লাখ ৬০ থেকে ৭০ হাজার। বেয়ারিং দুর্ঘটনার পর ৪ লাখের আশেপাশে নেমে এসেছে।’
মেট্রোরেলে সকালের ভিড় কমেছে বলেও জানান তিনি।
রোববার মেট্রোট্রেনের ছাদে এক কিশোরের উঠে পড়ার প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘ট্রেনের ছাদে মানুষ উঠে পড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশনের নিচে সিসিটিভি ক্যামেরা চালু করাসহ নজদারি বাড়ানো হবে।’
এছাড়া দুই মাসের মধ্যে ট্রেনের মধ্যবর্তী সময় (হেডওয়ে) সোয়া ৪ মিনিটে নামিয়ে আনা হবে বলেও জানান ডিএমটিসিএল এমডি।
ফারুক আহমেদ বলেন, ‘এ বছর মেট্রোরেলের বার্ষিক আয়ের লক্ষ্যমাত্রা ৪৫০ কোটি টাকা।’
এদিকে, মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য এখন পর্যন্ত বন্ধ থাকা ফার্মগেট পার্ক আগামী ফেব্রুয়ারিতে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ডিএমটিসিএল এমডি। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে ফার্মগেট পার্ক ফিরিয়ে দেওয়া হবে।’