দেশীয় চিনি শেষ না হওয়া পর্যন্ত আমদানি নয়: শিল্প উপদেষ্টা

চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানির ২০২৫–২৬ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘দেশীয় চিনির মজুত থাকতে কোনোভাবেই আমদানি করা হবে না।’ 

তিনি বলেন, ‘এতে বাজারে দেশি চিনির সরবরাহ বাড়বে, চিনিকলগুলো টিকে থাকবে এবং কৃষকরাও লাভবান হবেন।’

আজ শুক্রবার দোয়া মাহফিলের পর বিকেল ৫টায় চিনিকলের কেইন ক্যারিয়ারের ডোঙায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো ধীরে ধীরে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু সরকারি ভর্তুকি নয়, টেকসইভাবে মিলগুলো চালাতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন, আর সেই বিনিয়োগ আনার প্রক্রিয়া চলছে।’

চিনিকল কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষকদের আখ চাষে আগ্রহ বাড়ায় এ বছর আখ উৎপাদন বেড়েছে। নতুন মৌসুমে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।