ঢাকার নটরডেম কলেজ-এর প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল)’ দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৬’-এর উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আওতাধীন ধরলা নদীর তীরবর্তী চর ভগবতীপুর, ঝুনকার চর, কালির আলগা, গোয়ালপুরি ও পার্বতীপুর গ্রামের ৪০০-র বেশি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: ইসমাইল হোসেন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের সাবেক উপ যুব প্রধান সাব্বির আহমেদের সহযোগিতায় এবং ক্লাব নটরডেমিয়ান্সের সদস্য জনাব মেহেদী হাসান শিশির এবং যুগ্ম সচিব জনাব নাজমুল আবেদিনের সমন্বয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়।
কর্মসূচিতে ক্লাব নটরডেমিয়ান্সের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য জনাব হেলাল উদ্দীন খাঁন। এছাড়াও ছিলেন যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আব্দুল গফুর, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের জনাব মাহফুজুল হক, সাবেক যুব প্রধান জনাব সাব্বির আহমেদ ও সদস্যবৃন্দ, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উল্লেখিত এলাকার শীতার্ত মানুষজন।
ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে ক্লাবের সিএসআর কমিটির আহবায়ক জনাব খালেদ ফয়সল রহমান জিতু ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সংগঠনটি জানিয়েছে, তারা এ শীতে ঢাকা, লালমনিরহাট, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং ফেনী জেলায় ক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষকে কম্বল বিতরন করেছে।