গম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতি কমাতে ভূমিকা রাখছে: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ ২০২৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির নির্ভরযোগ্য ক্রেতা হিসেবে আর্বিভূত হয়েছে, যা দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 

তিনি আজ সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় সাইলো জেটিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের বিশেষ চুক্তির আওতায় কেনা গম খালাস কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন। এসময় তিনি চট্টগ্রাম বন্দরও পরিদর্শন করেন।  

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশে চাহিদার বিপরীতে গম উৎপাদন ১৩ শতাংশ। এই প্রেক্ষাপটে মার্কিন গম এখানকার চাহিদা পূরণের অন্যতম আদর্শ হিসেবে কাজ করতে চায়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকার। তিনি এই গমকে আগের যে কোনো সময়ে আমদানি করা গমের চেয়ে উন্নত বলে জানান। চলতি অর্থবছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম আমদানির চুক্তি হয়েছে, যার মধ্যে ৬.৬ লাখ মেট্রিক টন ইতোমধ্যে আমদানি করা হয়েছে বলেও জানান খাদ্য সচিব।