লন্ডনগামী যাত্রীদের জন্য ভিসা–সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সোমবার সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডনগামী সব যাত্রীকে ভ্রমণের আগে তাঁদের ভিসা ও পাসপোর্ট বৈধ ও সঠিক আছে কি না, তা নিশ্চিত করতে হবে। যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক।
এতে আরও বলা হয়, ইউকে বর্ডার ফোর্সের নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশে অতিরিক্ত যাচাই, বিলম্ব বা ভ্রমণ জটিলতা হতে পারে। যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে, তাঁরা যেন যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে হালনাগাদ করে নেন।