মঙ্গলবার থেকে সব সভা-সমাবেশ নিষিদ্ধ

মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের প্রচারণার সময় শেষ হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। এরপর থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো ধরনের জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

এতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।

এ ছাড়া মঙ্গলবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।