ভোট শুরু সকাল সাড়ে ৭টায়, কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে সকাল সাড়ে ৭টায়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তারা বলছে, সংঘাতের তেমন আশঙ্কা নেই। কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ থাকার আশা নির্বাচন কমিশনের (ইসি)।

রাষ্ট্র সংস্কার আর রাজনীতির নতুন মেরুকরণের এ নির্বাচনে লড়ছেন ২ হাজার ২৮ জন। নারী প্রার্থী ৮৩ জন, স্বতন্ত্র ২৭৫ জন। অংশ নিচ্ছে ৫০টি দল।

প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত। তাই বৃহস্পতিবার নির্বাচন হচ্ছে ২৯৯ আসনে। এসব আসনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ আছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

মোট ৪২ হাজার ৯৫৮টি কেন্দ্রে ভোট হবে। যার মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ।

এবার নির্বাচনী দায়িত্বে প্রায় ৮ লাখ কর্মকর্তা। নিরাপত্তায় থাকছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য।

শুরু থেকেই গ্রহনযোগ্য নির্বাচনের কথা বলে আসছে কমিশন। সংসদ নির্বাচনের প্রস্তুতি নিলেও একইদিনে যোগ হয়েছে গণভোট। পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জও নিতে হয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, চ্যালেঞ্জগুলো ভালোভাবেই সামাল দিয়েছেন তাঁরা। ভোটের দিনের পরিস্থিতি ভালো থাকবে।
 
ফলাফল দিতে খুব বেশি দেরি হওয়ার শঙ্কা নাকচ করা হয়েছে। কমিশনারদের দাবি, সরকারের প্রভাব নেই তাদের কাজে।