অমর একুশে বইমেলা শুরু বৃহস্পতিবার, চলবে ১৮ দিন পর্যন্ত

বহুমাত্রিক বাংলাদেশ, এই প্রতিপাদ্যে কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, এবার ১৮ দিনের মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। গতবারের তুলনায় বেড়েছে প্রকাশকদের অংশগ্রহণ। মেলা শুরুর সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এবারের মেলা হবে পলিথিনমুক্ত।

নানা জল্পনা-কল্পনা শেষে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। বৃহস্পতিবার মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা প্রাঙ্গণে তাই চলছে শেষ সময়ে স্টল নির্মাণের ব্যস্ততা।

জাতীয় নির্বাচন ও রমজানের কারণে মেলা শুরু হতে নানা অনিশ্চয়তা দেখা দেয়। ১৫ ফেব্রুয়ারির পর কিছু প্রকাশক স্টল নির্মাণ শুরু করেন।

মেলা সংশ্লিষ্টরা জানান, ম্যাপে নাম্বার দিয়ে দেওয়া হলেও এখনও স্টলগুলোর নাম্বারিং সম্পন্ন হয়নি। তবে স্টলের খুঁটি স্থাপন করা হয়েছে। স্টল সাজানোর কাজ শুরু হবে কাল। কাল কাজ শুরু করে তিনদিনের আগে তা শেষ করা সম্ভব নয়।

নির্মাণ শ্রমিকের অভাবে স্টল তৈরির কাজ খুব বেশি এগোয়নি। স্টল নির্মাণের সুবিধায় হার্ডওয়্যার দোকানও বসানো হয়েছে মেলা প্রাঙ্গণে। এতে প্রকাশকদের সময় বাঁচছে। 

এক হার্ডওয়্যার ব্যবসায়ী বলেন, ‘আমরা মেলা প্রাঙ্গণে এসে দোকান দিয়েছি। যেন স্টল নির্মাণকাজ দ্রুত ও সহজে শেষ হয়।’

এবার সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮ প্রকাশকের এক হাজার ১৮টি স্টল থাকছে। আর বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে ৮১ প্রকাশনীর ৭০৮টি স্টল। আয়োজকেরা বলছেন, এবার মেলা হবে পলিথিনমুক্ত।

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা বলেন, ‘ব্যানার, লিফলেট, প্রচারপত্র, ফাস্টফুড, কফিশপ, খাবার দোকান ইত্যাদি প্রস্তুতে ব্যবহারযোগ্য উপকরণ বা পরিবেশবান্ধব কাগজ, বোর্ড, কাপড় ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলের সচেতনতা প্রত্যাশিত।’

বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম জানান, প্রকাশকদের একাংশের বর্জনসহ নানা জটিলতা ছিল মেলা নিয়ে। তবে সবপক্ষের সঙ্গে আলোচনা করেই মেলার তারিখ চূড়ান্ত হয়েছে। 

২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে অমর একুশে বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।