ঈদের জামাতের জন্য প্রস্তুত রাজধানীর সব ঈদগাহ ও মসজিদ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। আর বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল ৭টায়।
এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের প্রস্তুতি নেয়া হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ হবে।
এক মাস সিয়াম সাধনা শেষে সারা দেশে উৎসবের আমেজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজধানীও। জাতীয় ঈদগাহে প্রতিবারের মতো এবারও হচ্ছে প্রধান জামাত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ এতে সামিল হবে মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে ৫টি। সকাল ৭টায় প্রথম জামাতের পর ৮টা, ৯টা, ১০টা এবং সবশেষ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়। ঢাকা উত্তর সিটির আয়োজনে রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে দ্বিতীয় বছরের মতো ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল ৮টায়। ধানমন্ডির ঈদগাহ মাঠ মসজিদে সকাল ৮টায়, সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত। ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি ৯টায়।
গুলশান কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৬টা, সকাল ৮টা ও সাড়ে ৯টায় হবে ঈদ জামাত। আর সোসাইটি জামে মসজিদে জামাত সকাল ৮টায়। পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদে ঈদ জামাত সকাল ৮টা ও ৯টায়। আজিমপুর ছাপড়া মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় আর কবরস্থান মসজিদে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত হবে চারটি ঈদ জামাত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে ঈদ সকাল ৮টা ও ৯টায় এবং খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। আর বুয়েটের খেলার মাঠে জামাত সকাল সোয়া ৭টায়। সবমিলিয়ে রাজধানীর ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।