ঈদে বাড়ি ফেরা

রেলস্টেশনে যাত্রীর চাপ, ৩ ঘণ্টা দেরিতে ছাড়ে বুড়িমারী এক্সপ্রেস

ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে স্বস্তি থাকলেও, বুড়িমারী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা দেরিতে ছাড়ায় ভোগান্তি পোহাতে হয় এই পথের যাত্রীদের। এছাড়া ২টি ট্রেন ছাড়ে আধাঘণ্টা দেরিতে; আর বাকি সবই ঢাকা ছেড়েছে নির্ধারিত সময়ে। রোববার দুপুর ২টা পর্যন্ত কমলাপুর থেকে যাত্রা করেছে ১৭টি ট্রেন। রাত পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবে মোট ৬৬টি। সকালে স্টেশনে গিয়ে রেলমন্ত্রী জানান, যাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদযাত্রার দ্বিতীয় দিন রোববার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ভিড়। বিভিন্ন গন্তব্যের যাত্রীরা স্টেশনে আসতে থাকেন ভোর থেকেই। বেশিরভাগ ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়ে। এতে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। 

তবে উত্তরবঙ্গগামী বুড়িমারী এক্সপ্রেস ছাড়ে প্রায় ৩ ঘণ্টা দেরিতে। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিভিন্ন জায়গায় রেললাইনের ওপর গরুর খড় ফেলে রাখায় ট্রেনটি ঢাকায় পৌঁছাতেই দেরি হয়। 

গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষার ক্লান্তিতে অসন্তোষ প্রকাশ করেন এই পথের যাত্রীরা। 

রেলমন্ত্রী শেখ রবিউল আলম আরও জানান, এ ছাড়া দুটি ট্রেন ছাড়তে দেরি হয় আধাঘণ্টার মতো। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঝুঁকিপূর্ণ রেলপথগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে থাকছে ১০টি বিশেষ ট্রেন। এছাড়া বিভিন্ন রুটে যুক্ত করা হয়েছে নতুন ৫১টি বগি।