ভারত থেকে মুক্ত হয়ে ফিরল ৯১ বাংলাদেশি জেলে

আইনি প্রক্রিয়া শেষে প্রায় পাঁচ মাস পর ৯১ বাংলাদেশি জেলেকে মুক্তি দিল ভারত। শনিবার চারটি ট্রলারসহ বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে প্রথমে তাঁদের আন্তর্জাতিক জলসীমায় নেওয়া হয় এবং পরে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পাঁচ মাস আগে অবৈধভাবে ভারতীয় জলসীমায় চলে যাওয়ায় ট্রলারসহ কুতুবদিয়ার এই জেলেদের আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড (উপকূলরক্ষী বাহিনী)। পরে ভারতীয় আদালতের নির্দেশে চার মাস কারাগারে থাকতে হয় তাঁদের।

এদিকে, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ।