আজও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একাধিক পুশইন চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি ও গ্রামবাসী। শনিবার ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের তৎপরতা নেয় বিএসএফ।
তবে বিজিবি ও গ্রামবাসী বাধা দেওয়ার পরে ঢুকতে ব্যর্থ হয় ৬ জন। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন তারা। এ ঘটনার পর থেকে তেঁতুলবাড়ীয়া সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি। মোতায়েন করা হয়েছে বাহিনীর অতিরিক্ত সদস্য।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। অপরদিকে নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখা থেকে ১৭ জনকে ফেরত নিয়ে গেছে বিএসএফ।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির সহকারী পরিচালক নাজমুল হুদা বলেন, ‘৬ জন নারী-শিশু ও বৃদ্ধকে পেছনের গেট খুলে বাংলাদেশের ঢোকানোর চেষ্টা করেছিল বিএসএফ। আমাদের টহল দল তাদেরকে দূর থেকে দেখে মাইকে ঘোষণা দিয়ে এবং বাশি বাজিয়ে ওইখানে থামায় এবং সেখানেই অবস্থান করতে বলে। এইখান থেকে জিরো লাইন থেকে তারা এখন ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ দূরত্বে অবস্থান করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা কোম্পানি লেভেলে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি।’
প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন জেলার প্রতিনিধিরা।



