বিয়ে বিচ্ছেদের আগেই নতুন বিয়ের অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন।
আসামিদের বিরুদ্ধে তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় অভিযোগ ছিল, তাঁর সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা।
দণ্ডবিধির পৃথক ধারায় আসামিদের বিরুদ্ধে আনা প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।
এরআগে গত ৬ মে আদালত বাদী ও আসামি–উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটির রায়ের দিন ধার্য করেন ১০ জুন। দণ্ডবিধির ৪৯৭ ধারায় নাসির ও তামিমার শাস্তি চেয়েছিল আসামিপক্ষ। এই ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সঙ্গে সেই নারীর সম্মতি সাপেক্ষে সম্পর্ক স্থাপন করেন, তবে তা হবে ব্যভিচার। এর শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড।
জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন। এর ১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। তিনি অভিযোগ করেন, তাঁকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি দুজনকে আসামি করে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়।