সীমান্তে পুশ-ইনের চেষ্টা আইনবিরোধী, মত বিশেষজ্ঞদের

সীমান্তে ভারতের পুশ-ইন চেষ্টাকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মানবিক দিক বিবেচনায় বিপন্ন মানুষকে শূন্য রেখায় ফেলে না রেখে সাময়িক আশ্রয় দেওয়া উচিত, মত তাদের। মানুষের দুর্ভোগে বেশি দায়িত্ব ভারতের, বলছেন বিশেষজ্ঞরা। আইন মেনে দ্রুত সমস্যা সমাধানে ভারতের প্রতি আহ্বান তাদের। 

মে'র শুরু থেকে সীমান্তে বিএসএফের একের পর এক পুশ-ইন চেষ্টা নতুন আলোচনার জন্ম দিয়েছে। ঠাকুরগাঁও, লালমনিরহাট, নওগাঁ, পঞ্চগড়সহ বিভিন্ন সীমান্তে প্রতিদিনই পুশ-ইন চেষ্টা এবং তা প্রতিরোধের খবর পাওয়া যাচ্ছে। 

পরিসংখ্যান বলছে, জুনের শুরু থেকে বিভিন্ন পয়েন্টে প্রায় ২০টি পুশ-ইন চেষ্টা হয়েছে। বেশ কিছু জায়গায় নারী ও শিশুদের শূন্যরেখায় অসহায় অবস্থায় ফেলে রাখা হয়েছে। 

শরণার্থী ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, ‘পুশ-ইন ও সীমান্ত হত্যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক- দুই ধরনের আইনেরই লঙ্ঘন। মানুষকে শূন্যরেখায় ফেলে রাখা মানবিক সংকট তৈরি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেন, ‘পুশ-ইনের ক্ষেত্রে ভারত তার নিজের আইনই মানছে না। অনুসরণ করছে না কূটনৈতিক কাঠামোও। শুধু রাজনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পুশ-ইনের কারণে মানবিক সংকটের পাশাপাশি সংঘাতের শঙ্কা তৈরি হচ্ছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।