আদ-দ্বীনের লাইসেন্স বাতিল, রোগীদের অন্য হাসপাতালে ভর্তির পরামর্শ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে হাসপাতালটি আপিল করতে পারবে।

তিনি আরও বলেন, আদ-দ্বীন হাসপাতালে যারা ভর্তি রয়েছে, সেসব রোগীদের চিকিৎসা দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না।  তবে হাসপাতাল চাইলে অন্য যে কোন হাসপাতালে রোগীদের সরিয়ে নিতে পারবে।

ঈদুল আজহার আগের দিন বুধবার সকালে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে ছয় নবজাতক মারা যায়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা বলেছে।