একদিনের সফরে আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর আগমণকে গিয়ে শেষ মুহূর্তে ওয়াসিমের বাড়ির সড়কে বসানো হচ্ছে ইট। এরই মধ্যে সংস্কার করা হয়েছে ওয়াসিমের কবরও।
ওয়াসিমের মা বলেন, ‘আমি শুধু আমার ছেলে হত্যার বিচার চাই।’
কক্সবাজার পৌঁছে প্রথমেই সদর থানার পিএমখালীতে অবস্থিত পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে, ডুলাহাজরা সাফারি পার্কে গিয়ে উদ্বোধন করবেন, ‘সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র। সেখান থেকে যাবেন জুলাই শহীদ ওয়াসিমের কবরে। তারপর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আগে আমাদের পৌরসভার কাজের জন্য অনেক দূর যেতে হতো। এখন মাহামুহুরী পৌরসভা কাছে হওয়াতে আমাদের অনেক ভোগান্তি কমে যাবে।’
বিকেলে চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, ‘প্রধানমন্ত্রীর মাধ্যমে এখানে যাতে লাখ লাখ মানুষের ঢল নামে, তার বক্তব্যের মাধ্যমে জাতিকে একটি মেসেজ দেবেন। কক্সবাজার পর্যটন নগরীকে আরও ব্র্যান্ডিং করার জন্য এবং সারা বিশ্বে যেন আমরা এক্সক্লুসিভ ট্যুরিজম হিসেবে পরিচিত লাভ করতে পারে এরকম ঘোষণা দেবেন বলে আমি একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি।’
জনসভা শেষে কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।