আগামী বছর থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়েও প্রাইম মিনিস্টার কাপ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬- এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘গত আড়াই মাসে ২২ লাখ শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করেছে। এখন বিশ্বকাপ চলছে। আমি চাই শুধু প্রাইমারি না মাধ্যমিকেও আগামী বছর থেকে প্রাইম মিনিস্টার কাপ শুরু করা হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি অন্যান্য শাখায় শিক্ষার্থীরা অবদান রাখবে। সব কিছুতে পারদর্শী হতে হবে। তাইলেই শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা যাবে। আজকের শিশুরাই আগামীতে দেশ চালাবে। আমি চাই তারা আমাদের চেয়েও ভালো দেশ চালাক।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে অনেকেই নতুন কুঁড়ি স্পোর্টস এ নাম লিখিয়েছে। আমরা বলেছিলাম দেশ পরিচালনার সুযোগ পেলে শিশুদের সবুজ মাঠে খেলার সুযোগ করে দেব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছি আমরা। শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী।’
তারেক রহমান বলেন, ‘আড়াই মাসে ৬৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ শিক্ষার্থী এই খেলায় অংশগ্রহণ করেছে, এটি অন্যতম একটি বিশ্বরেকর্ড। শিক্ষার্থীদের লেখাপড়া পাশাপাশি ক্রিড়া এবং সাংস্কৃতিক অঙ্গণে ভূমিকা রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তাদের সব ধরনের সাহায্য করবে সরকার।’