তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের বৈঠকে সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ যৌথ কমিশনের পরামর্শ ও বৈঠকসহ বিদ্যমান ব্যবস্থাগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত হয়েছি। আগামীতে দুদেশে মুক্ত বাণিজ্য সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে শুরু হয় বৈঠকটি।

পরে দুদেশের প্রতিনিধিদলের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এতে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণসহ নানা খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী, উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলন করেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম।

এর আগে সকালে পুত্রজায়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া থেকে আজ রাতে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।