বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ যৌথ কমিশনের পরামর্শ/বৈঠকসহ বিদ্যমান ব্যবস্থাগুলোর মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত হয়েছি। আগামীতে দুদেশে মুক্ত বাণিজ্য সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হবে।
এর আগে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় হয়।
আলোচনায় কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা এবং অবৈধ বাংলাদেশিদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ। এ ছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সন্ত্রাসবাদ দমন বিষয়ে একটি নোট বিনিময় হয়। এরপর দুদেশের সরকার সরকার যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।



