আওয়ামী লীগের মাঠে নামার সাহস নেই: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাদের নেতা–কর্মীদের মাঠে নামার নৈতিক সাহস নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি নিয়ে মাঠে নামলে সরকার ব্যবস্থা নেবে। তাদের নৈতিক সাহস নেই মাঠে নামার। তবে আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, তা দিয়ে নাশকতা করতে পারে; সেজন্য সরকার সতর্ক।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে বিচারের পর নির্ধারিত হবে। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেহেতু তারা কোনো কর্মসূচি নিয়ে এখন মাঠে নামতে চাইলে আইনভঙ্গকারী কাজ করছে। সরকার সেখানে ব্যবস্থা নেবে এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো হয়তো প্রতীকীভাবে মাঠে আছে, যেহেতু আওয়ামী লীগ বলছে তারা অনেক কিছু করে ফেলবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেওয়ার মানে এই নয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক কিছু করে ফেলবে। অনেক কিছু করে ফেলার নৈতিক সাহস তাদের আছে বলে মনে করি না। দেশের সবার ডিমেনশিয়া হলে তখন হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে, এর আগে মনে হয় হবে না। মাফিয়া, চোর বাটপার, লুটপাটকারীদের খুব বেশি নৈতিক সাহস থাকে না।

তিনি বলেন, তবুও যে কয়েকটি জেলায় ঝুঁকি কিছুটা বেশি মনে হয়েছে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে জননিরাপত্তার স্বার্থে। আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে, সরকার এমন কিছু মনে করে না। ছোটখাটো নাশকতার সক্ষমতা হয়তো তাদের আছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি কী করবে, সেটি বিএনপির কাছে জানতে হবে।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার সফর নিয়ে তাঁর এই উপদেষ্টা বলেন, মালয়েশিয়া সফর খুব সফল হয়েছে বলে আমরা মনে করি। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের আলাপ হয়েছে। আসিয়ানে সম্পৃক্ত হতে মালয়েশিয়া সমর্থন করবে। প্রতিরক্ষায় সহযোগিতা করবে, রোহিঙ্গা সংকটে মালয়েশিয়া সহায়তা করবে।

জাহেদ উর রহমান জানান, মালেশিয়ার শ্রম বাজার খোলা নিয়ে আলোচনা হয়েছে, আমরা আশাবাদী শ্রম বাজার পুনরায় চালু হবে।

তিনি বলেন, প্রতিটি গণপরিবহনে জিপিএস যুক্ত করতে হবে, গাড়ি চালানোর সময় জিপিএস চালু রাখতে হবে। এ উদ্যোগের ফলে সেবার মান বাড়বে। আরও ১০টি জেলায় নতুন রেল যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজেটের পর বাজারে দাম বৃদ্ধির যে প্রবণতা দেখা যায়, এবার সেটি নেই বললেই চলে।

জাহেদ উর রহমান বলেন, সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। শুরু হওয়ার পর থেকে এক বছর লাগবে, সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার চেষ্টা করবে সরকার। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, স্বাধীন মিডিয়া কমিশন গঠন বিষয়ে অংশীজনদের সাথে বৈঠকে ঐকমত্য হয়েছে। ওশোনোগ্রাফিক রিসার্চের জন্য দেশেই প্রথমবারের মতো জাহাজ তৈরি করতে যাচ্ছি।

তিনি বলেন, জনগণের ওপর যেন কোনো অন্যায় আচরণ না হয়, সেটি এ সরকার নিশ্চিত করবে। জাইমা রহমান, প্রধানমন্ত্রীর স্ত্রী বা অন্য নারী রাষ্ট্রের কাছে সমান অধিকার রাখে।

জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ায় শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুতই উন্মুক্ত হবে এমন আশা করতে পারি।