প্রথমবার পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান-প্রদানে সম্মত হয়েছে চীন ও বাংলাদেশ। এখন থেকে দুই দেশ এই বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করবে। শুক্রবার চীনের বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানান, অর্থনীতির প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুই দেশের আলোচনা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় চীনের বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিংপিং-এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এই বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন গণমাধ্যমকে বিস্তারিত জানান।
মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, পণ্য আমাদানি-রপ্তানি আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই ইকোনোমিক করিডোরের মূল লক্ষ্য।
এসময় মাহ্দী আমিন আরও জানান, বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা, চট্টগ্রামের আনোয়ারা এবং খুলনার মোংলায় অর্থনৈতিক জোনে বিনিয়োগের মাধ্যমে শিল্প খাতে ব্যাপক উন্নয়ন করতে দুই দেশ সম্মত হয়েছে।