নতুন যুগের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে চীন-বাংলাদেশ কমিউনিটি গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এমনটা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত কারার অঙ্গীকার করেন তিনি।
চীনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ শুরু হয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক। এতে চীনা প্রেসিডেন্ট আরও বলেন, দেশ পরিচালনা এবং বাংলাদেশকে জাতীয় উন্নয়নে নতুন সাফল্যের দিকে নিয়ে যেতে সমর্থন করতে প্রস্তুত তার দেশ।
প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাচ্ছে ঢাকা-বেইজিংয়ের মধ্যে কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্পের মত দ্বিপাক্ষিক ইস্যু। এর আগে, চীনের তিয়েনআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
গার্ড অব অনারের মাধ্যমে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিং এর গ্রেট হলে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরিবেশন করা হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীতও।
সফরের শেষ দিন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সাথে গ্রেট হলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও রয়েছে চীনের জাদুঘর পরিদর্শনের কর্মসূচি। আজ স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।



