জ্বালানি সংকট নিয়ে যে বার্তা দিল সরকার

আগামী ৪৮ দিনের মধ্যে জ্বালানি তেলের সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সম্প্রতি জ্বালানি সংকট নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোন ভিত্তি নেই বলে জানান যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। 

বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে মনির হোসেন চৌধুরী বলেন, দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২৫ দিনের ফার্নেস অয়েল এবং ২০ দিনের জেট ফুয়েল মজুদ রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে ৩১ জুলাইয়ের মধ্যে দেশে আসছে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল। 

এছাড়া, আগামী আগস্ট মাসে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। 

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি নিয়েও কোনো উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

মনির হোসেন চৌধুরী জানান, সম্প্রতি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাসের সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে মেরামতের কাজ চলছে এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।