নদী ব্যবস্থাপনায় চীন ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে, যা বন্যায় ক্ষতির পরিমাণ কমিয়ে আনবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ার পর একথা বলেন তিনি।
বুধবার সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে চীনা দূতাবাসের পক্ষ থেকে এ মানবিক সহায়তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। দুই দেশের রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যে এটি মানবিক অংশীদারিত্বের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।
চীনা রাষ্ট্রদূত বলেন, ‘যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে তাদের সহায়তা করেছে চীন। এছাড়া দূর্যোগ মোকাবিলায় সবসময় আর্থিক ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে বেইজিং।’
চীনের রাষ্ট্রদূত আরও বলেন, ‘প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা ও উদ্ধার তৎপরতা জোরদারে চীন বাংলাদেশের সেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবে। সব সময়ে বাংলাদেশের সাথে থাকবে চীন । এদেশের জনগণের স্বার্থ উন্নয়নে কাজ আমরা কাজ করতে চাই। বন্যা ও ভূমিধসের মত র্দূযোগ পরিস্থিতিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে।’