ট্রাইব্যুনালে নেওয়া হলো জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফরকে 

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালের হাজির করার পর হাজতখানায় রাখা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছেন, দুপুর ১২টার দিকে মোজাফফর হোসেনকে আদালতে তোলা হবে। তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেছে প্রসিকিউশন।

এর আগে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

গত সপ্তাহে মোজাফফর হোসেনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মোজাফফর হোসেনকে আটকের পর ১৬ জুলাই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের অতর্কিত হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই রক্তক্ষয়ী অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।