পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে যান ভারতীয় হাইকমিশনার।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের মতবিনিময় করেন তারা। দুই দেশ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দেয় সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। 

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ১২ জুন বাংলাদেশে আসেন। চলতি বছরের ২৫ জুন তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয়পত্র পেশ করেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন এই হাইকমিশনার। বঙ্গভবনে এক অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন, যার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব পালন শুরু করেন।