বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার। এছাড়াও মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে দেশটি। এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি কুয়ালালামপুরে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কার্যালয়ের বাইরে শতাধিক রোহিঙ্গাকে আটক করে মালয়েশিয়া সরকার। যাচাইয়ের সময় ইউএনএইচসিআরের বৈধ কাগজপত্র পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

জাতিসংঘের শরণার্থী সংস্থায় নিবন্ধিত ১ লাখ ২৬ হাজারের বেশি রোহিঙ্গা বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় নিপীড়নের মুখে কয়েক লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। সেই অভিযানের কারণে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে। 

তবে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসন কতটা কার্যকর হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর।