শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়টি স্পষ্ট করলেন চিফ প্রসিকিউটর

গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমুলক বক্তব্য প্রচার করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ট্রাইব্যুনালের মামলার অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার বক্তব্য প্রচার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, 'শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের ওপর নিষেধাজ্ঞা আছে একটা।'   

তবে বক্তব্য বিদ্বেষমূলক না হলে প্রচারে বাধা আছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, 'শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না। বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? কিন্তু আদৌ ওনার বক্তব্য পাই কি না...দেখেন না...পাঁচ তারিখ আসুক না...আমরা ৬টা-৭টা পর্যন্ত ওয়েট করি না...দেখি না! আমার কাছে তো মনে হয়, "সব ঝুট হ্যায়"।'

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও জানান, চলতি মাসের মধ্যেই আরও তিনটি মামলার রায় দেওয়া হবে এবং আগামী ১ বছরের মধ্যে জুলাইয়ের সব মামলার বিচার সম্পন্ন করা হবে। জুলাইয়ের মামলার বিচারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে প্রসিকিউশন।

অন্য এক প্রশ্নের জবাবে বিচারিক প্রক্রিয়ায় পিক এন্ড চুজের কোনো সুযোগ নেই উল্লেখ করে মো. আমিনুল ইসলাম বলেন, তদন্তকারী কর্মকর্তা স্বাধীনভাবে তদন্ত করেন এবং সেখানে প্রসিকিউশন হস্তক্ষেপ করে না। এছাড়া ট্রাইব্যুনালে সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন করে জুলাই শহীদদের মাঝে তা বিতরণের কাজও দ্রুততার সাথে করার কথা জানান তিনি।