রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা 

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর পক্ষে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের পক্ষে প্রস্তাবক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তাঁকে সমর্থন করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মনোনয়নপত্র জমা দেওয়ার প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এরআগে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগেই দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীসহ সব ধরনের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুটি ফর্ম কেনা হয়। তবে রাষ্ট্রপতি নির্বাচনে একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। রাষ্ট্রপ্রতি নির্বাচনের ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে। সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার।

মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন। ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পান।