দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। কে হতে যাচ্ছেন সম্ভাব্য রাষ্ট্রপতি, তার জানা যাবে আজ। ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে সিইসির কার্যালয়ে নির্বাচনী কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।
নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক তিনজনের মধ্যে যে কোনো একজন উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।
১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র সকাল ১১টার দিকে জমা দেওয়ার কথা রয়েছে। বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন দুপুরের পর। তার আগে, দলীয় সভায় চূড়ান্ত হবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম।



