সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষক্রিয়ায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। তদন্তে কারও দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ ও আহত শ্রমিকদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, ‘তদন্ত করে যা পাওয়া যাবে, তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে-বিপক্ষে কিছু নেই।’

এসময় সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্সের বিষয়ে জোর দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এর আগে, সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শিপ ইয়ার্ডগুলোতে নিরাপত্তামূলক সরঞ্জামের অভাব এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।