সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান। বুধবার সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাইদুর রহমান খান বলেন, ‘দুদক প্রাথমিক সত্যতা পেয়েই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। স্লিপ অব টাংয়ের বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তার (পিআর) ব্যক্তিগত ভুল ছিল।’
দুদকের সহকারী পরিচালক ইসমাঈল হোসেনের নেতৃত্বে একটি দল সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায়। তারা সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানান।
প্রসঙ্গত, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকারি নথিপত্র এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় তুলে ধরতে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রেজেন্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় উপস্থাপন করে আসিফ মাহমুদ দাবি করেন, বিএনপি সরকারের সময়ে সংঘটিত পদোন্নতির ঘটনায় অর্থ লেনদেনের দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা করছে দুদক।