ঠাকুরগাঁও–১ আসনে ভোট ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব আরও জানান, মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।

ইসি সচিব জানান, জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি- এই তিনজন। আউট অব কান্ট্রি ভোটিং থাকছে এবারও।

তিনি জানান, গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও–১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি আসনটি ছেড়ে দেন।