সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি কুমিল্লায়।
রোববার দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ওই হামলার ঘটনা ঘটে। সৌদিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যুর তথ্য সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই নিহতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিয়েছে। তাঁর মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।